ইরান পারমাণবিক বোমা বানালে রিয়াদও বসে থাকবে না- যুবরাজের এমন হুঁশিয়ারির পরই এল বড় চমক। সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন প্রযুক্তি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে নিজেদের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে রিয়াদ, যা তাদের পারমাণবিক বোমা তৈরির খুব কাছে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এই চুক্তির আওতায় সৌদির পারমাণবিক অবকাঠামো গড়বে খোদ মার্কিন কোম্পানিগুলো। চুক্তিটি কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় থাকলেও, আন্তর্জাতিক নজরদারির বিষয়টি এখানে বেশ ধোঁয়াশায় ঘেরা। এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীও রিয়াদকে পারমাণবিক বোমা অর্জনে সহায়তার ইঙ্গিত দিয়েছেন। ফলে বেসামরিক এই কর্মসূচি যে কোনো সময় ধ্বংসাত্মক সামরিক রূপ নিতে পারে বলে প্রবল শঙ্কা দেখা দিয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে এক ভয়ংকর পারমাণবিক বোমার প্রতিযোগিতার জন্ম দেবে। ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি একবার হাতে পেলে, তা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা কেবল সময়ের ব্যাপার। বিশ্ব রাজনীতি এখন সেই আতঙ্কের প্রহর গুনছে।










