Long Popup (2)
সর্বশেষ

‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’, মোদিকে কাছে পেয়ে বললেন জর্জিয়া মেলোনি

1779269925 Modi and Meloni Viral Photos 2026 05 35b4c02c2d30a200acbaba1dc2624585 1200x800ProbashircityWebPopupUpdate

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের ব্যস্ত কূটনৈতিক আলোচনার ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত মঙ্গলবার (১৬ জুন) মোদিকে কাছে পেয়ে হাসতে হাসতে মেলোনিকে বলতে শোনা যায়, ‘আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি’। মুহূর্তের মধ্যেই তাঁদের এই ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে বৈশ্বিক নানা চ্যালেঞ্জ, ইউক্রেন পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অগ্রগতি নিয়ে জি-৭ জোটের নেতারা একত্রিত হয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ ও গুরুগম্ভীর আলোচনার মাঝেই মোদি ও মেলোনির ওই হাস্যোজ্জ্বল আলাপ সবার নজর কাড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গ্রুপ ছবির জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর আগে তাঁরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং করমর্দন করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য বিশ্বনেতারাও সে সময় সেখানে উপস্থিত ছিলেন। ভিডিওতে মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের জনপ্রিয়তার প্রসঙ্গ তুললে জবাবে মেলোনি ওই মন্তব্য করেন। এর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বহুল আলোচিত ‘মেলোদি’ ট্রেন্ড নতুন করে আলোচনায় এসেছে।

এর প্রায় এক মাস আগে রোম সফরের সময় জর্জিয়া মেলোনিকে ভারতের জনপ্রিয় ‘পার্লে মেলোডি’ চকলেটের একটি প্যাকেট উপহার দিয়েছিলেন নরেন্দ্র মোদি। মূলত ইন্টারনেট দুনিয়ায় জনপ্রিয় ‘মেলোদি’ নামের প্রতি ইঙ্গিত করেই তিনি এই মজাদার উপহার দেন। ওই সময় মেলোনি এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তাঁদের দুজনকে ‘ভেরি, ভেরি চকলেটি’ স্লোগানের জন্য পরিচিত ওই চকলেটের প্যাকেট হাতে হাসিমুখে কথা বলতে দেখা যায়। মোদি ও মেলোনির নামের সংমিশ্রণে তৈরি এই ‘মেলোদি’ শব্দটি মূলত ২০২৩ সালে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের পর থেকে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ২০২৪ ও ২০২৫ সালেও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তাঁদের এমন অনানুষ্ঠানিক মুহূর্ত ও সেলফি নেটিজেনদের নজর কেড়েছে।

তবে মোদি ও মেলোনির এই উষ্ণ সম্পর্ক কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের রসিকতা বা ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আন্তর্জাতিক কূটনীতিরও একটি অত্যন্ত কার্যকর অংশ হয়ে উঠেছে। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার হিসেবে ইউরোপে ইতালি ক্রমশ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) বাস্তবায়নে দুই দেশ এখন একসঙ্গে নিবিড়ভাবে কাজ করছে এবং এই প্রকল্পে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রোম। বর্তমানে এই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গত মাসে ইউরোপ সফরের অংশ হিসেবে রোমে গিয়ে মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার পাশাপাশি ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate