সৌদিতে ব্লাড মানি হিসেবে ৩৪ কোটি টাকা পরিশোধের পর মৃত্যুদণ্ডের সাজা থেকে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরেছেন এক প্রবাসী।
জানা গেছে, ২০০৬ সালে উন্নত জীবনের আশায় সৌদি আরবে যান ভারতের কেরালার আবদুল রহিম। সেখানে ১৫ বছর বয়সী এক পক্ষাঘাতগ্রস্ত কিশোরের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ নেওয়ার কিছুদিনের মধ্যেই মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। গাড়ি চালানোর সময় কিশোরটি দুর্ব্যবহার করলে তাকে শান্ত করার চেষ্টায় অসাবধানতাবশত আবদুলের হাত লেগে তার লাইফ-সাপোর্ট যন্ত্র বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে মারা যায়। অনিচ্ছাকৃত এই হত্যার দায়ে ২০১১ সালে সৌদি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয়।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৪ সালে নিহত কিশোরের পরিবার ‘দিয়াহ’ বা ব্লাড মানি নিতে সম্মত হয়। এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা আবদুলের পরিবারের পক্ষে অসম্ভব থাকলেও, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে তা সংগ্রহ করা সম্ভব হয়। ক্ষতিপূরণ পরিশোধের পর চলতি বছরের মে মাসে তাঁর ২০ বছরের কারাদণ্ডের মেয়াদ শেষ হয় এবং তিনি মুক্তির স্বাদ পান।
আরও
বৃহস্পতিবার ভোরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রিয়াদ থেকে তিনি কেরালায় পৌঁছান। রিয়াদের ভারতীয় দূতাবাস এক বার্তায় তাঁর ফেরার খবর নিশ্চিত করে প্রবাসী ভারতীয়দের আর্থিক সহায়তার প্রশংসা করেছে।









