Long Popup (2)
সর্বশেষ

সংসার গড়তে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি করালেন তরুণী

Lpy 20260515ProbashircityWebPopupUpdate

প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার বাসনায় নিজের বাবার বাড়িতেই দুর্ধর্ষ ডাকাতির ছক কষলেন এক তরুণী। ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ওই ব্যবসায়ীর মেয়ে ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১১ মে ভোরে ওই ডাকাতির ঘটনায় প্রায় ১ কোটি ২০ লাখ রুপি ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করা হয়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মুরাদাবাদের নামকরা পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। সেদিন ভোর চারটার দিকে সশস্ত্র একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে ইমরান, তাঁর স্ত্রী ও চার সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর নগদ অর্থ ও গয়নাগাটি লুট করার পাশাপাশি পালানোর সময় প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরার ডিভিআরও সঙ্গে নিয়ে যায় তারা। সুরক্ষিত বাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রহস্য উদ্‌ঘাটনে পুলিশের চারটি বিশেষ দল তদন্তে নামে।

তদন্তের একপর্যায়ে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে অপ্রত্যাশিত তথ্য পায় পুলিশ। বেরিয়ে আসে, ব্যবসায়ী ইমরানের মেয়ে আরিবা দীর্ঘ সাত–আট বছর ধরে আমরোহা এলাকার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। ভিন্ন জাতের হওয়ায় পরিবার এই সম্পর্ক মেনে নেবে না, এমন আশঙ্কা থেকেই তাঁরা বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে আরিবা নিজেই প্রেমিককে বাড়ির চাবি দেন এবং কোথায় কত টাকা রাখা আছে, সেই নিখুঁত তথ্য সরবরাহ করেন। এমনকি ঘটনার দিন ডাকাতদের প্রবেশের জন্য বাড়ির দরজাও খুলে দেন তিনি।

এই ঘটনার রহস্য উন্মোচনের পর আরিবা ও তাঁর প্রেমিক আরশাদ ওয়ারসিসহ মোট পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট হওয়া অর্থের মধ্যে ৪৭ লাখ ২৪ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত চারটি দেশি পিস্তল, পাঁচটি মুঠোফোন ও দুটি গাড়িও জব্দ করা হয়েছে। লুট হওয়া বাকি অর্থ উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে আরও কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate