ওমানে দূষণ ও মানুষের অসতর্কতার কারণে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বাধ্য হয়ে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশ এলাকা মাসিরাহ দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে দেশটির পরিবেশ কর্তৃপক্ষ। দ্বীপটিতে জেলেদের মাছ ওঠানোর জন্য সুনির্দিষ্ট স্থান বা অবতরণ কেন্দ্র নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বিশ্বজুড়ে বিরল সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মাসিরাহ দ্বীপ অত্যন্ত সুপরিচিত। এই দ্বীপের সৈকতগুলো বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার অন্যতম প্রধান নিরাপদ স্থান। পাশাপাশি এর নিকটবর্তী নীল জলরাশি ডলফিন ও তিমির অবাধ বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ড এই প্রাকৃতিক সৌন্দর্য ও সামুদ্রিক প্রাণীদের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। সৈকতে যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিক বর্জ্য, পরিত্যক্ত মাছ ধরার জাল এবং মানুষের অনিয়ন্ত্রিত উপস্থিতির কারণে কচ্ছপের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি দূষণের কারণে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর হারও আশঙ্কাজনকভাবে বেড়েছে।
এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় ওমানের পরিবেশ কর্তৃপক্ষ সম্প্রতি দ্বীপটিতে একটি সরেজমিন পরিদর্শন ও বিশেষজ্ঞদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে। সেই আলোচনার ভিত্তিতেই তারা জেলেদের জন্য সুনির্দিষ্ট অবতরণ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে, যেন মাছ ধরার কার্যক্রম পরিবেশের কোনো ক্ষতি না করে। কর্তৃপক্ষ মনে করে, সুনির্দিষ্ট ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে যেমন মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের পথ সুগম হবে, অন্যদিকে আগামী প্রজন্মের জন্য মাসিরাহ দ্বীপের অমূল্য প্রাকৃতিক সম্পদও সুরক্ষিত রাখা সম্ভব হবে।










