হামের মতো জনগুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ‘অশুভ ও অপরাধমূলক’ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্ত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একটি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই নোটিশ পাঠান।
নোটিশদাতার দাবি, দেশব্যাপী হঠাৎ করেই প্রায় বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ইতিমধ্যে শতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই জনস্বাস্থ্য সংকটের পেছনে হামের টিকার বেসরকারীকরণকে দায়ী করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
আইনি নোটিশে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সব সাবেক ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। টিকার ব্যবস্থাকে বেসরকারি খাতে দেওয়ার পেছনে থাকা স্বার্থান্বেষী মহলের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠনেরও দাবি জানানো হয়।
আরও
মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবদের বরাবর এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করতে এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন বলে নোটিশে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।











