বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়তে বাধ্য হতে পারে।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও
হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এই অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক অঙ্গনেই নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে দেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। পরিস্থিতি সামাল দিতে আমাদের এখনই সচেতন হতে হবে।
বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত এই পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে চরম ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন এই সংসদ সদস্য।











