সর্বশেষ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট

1775275526JmPtl4rTProbashir city Popup 19 03

ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলসহ একাধিক শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আজ শনিবার (৪ এপ্রিল) ভোরের দিকে চালানো এই আকস্মিক হামলায় ইসরায়েলের বহু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় তীব্র বিদ্যুৎ–বিভ্রাটের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ছোড়া ক্লাস্টার বোমার আঘাতে রামাত গানে একটি ভবন ধসে পড়েছে। সেখানে আটকে পড়া মানুষদের নিরাপদে বের করে আনতে দমকল ও উদ্ধারকর্মীরা জোর তৎপরতা চালাচ্ছেন। অন্যদিকে রোশ হাইয়িন পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার কারণে শহরের একটি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওই শহরের বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া ওই এলাকার একটি অ্যাপার্টমেন্টেও আগুন ধরে যাওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ওয়াইনেট।

দমকল ও জরুরি উদ্ধার পরিষেবা সংস্থা জানিয়েছে, এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নেগেভ মরুভূমি অঞ্চলের বৃহত্তম শহর বিয়ার শেভার দক্ষিণে অবস্থিত নিওত হোভাব শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা। এদিকে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাতে জানা গেছে, বনি ব্রাক শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়া কাঁচের টুকরোর আঘাতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য নিকটস্থ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

ওয়াইনেটের খবরে আরও বলা হয়েছে, পেতাহ তিকভা শহরের একটি আবাসিক ভবন এবং তেল আবিবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বনি ব্রাকসহ বিভিন্ন এলাকায় জরুরি উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়া চ্যানেল ১২-এর সম্প্রচারিত খবরে ইসরায়েলের গিভাতায়িম এলাকায় আরও একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03