জ্যোতির্বিজ্ঞানের হিসাবনিকাশ অনুযায়ী চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে আগামী ২০ মার্চ (শুক্রবার) মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বাহরাইনের সংবাদমাধ্যম ‘ডেইলি নিউজ অব বাহরাইন’-এর এক প্রতিবেদনে দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি ও ফলিত পদার্থবিদ্যার অধ্যাপক ড. ওয়াহিব আল নাসেরের বরাতে এই তথ্য জানানো হয়েছে।
ড. ওয়াহিব আল নাসের জানান, উপসাগরীয় অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো আগামী ১৮ মার্চ বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে। ওই দিনটি রমজানের ২৯তম দিন। ইসলামি রীতি অনুযায়ী, নতুন চাঁদ দেখার মাধ্যমেই পরবর্তী মাসের সূচনা চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়। তবে জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, ১৯ মার্চ বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটে (মক্কা সময়) শাওয়ালের নতুন চাঁদের জন্ম বা ‘কনজাংশন’ ঘটবে। ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ উপস্থিত থাকার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এ কারণেই মূলত এবারের রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এই অধ্যাপক আরও জানান, ১৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা যেতে পারে। তখন চাঁদ পশ্চিম দিগন্তে প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় থাকবে এবং প্রায় ৩০ মিনিট দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য বেশ অনুকূল। এ ছাড়া রমজানের শুরুতে পূর্ণিমার সময় চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করেও ধারণা করা হয়েছিল যে এবারের মাসটি ৩০ দিনের হতে পারে। গত ৩ মার্চ সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের মাত্র অর্ধ ডিগ্রি ওপরে অবস্থান করছিল।
আরও
ড. নাসের জানান, চলতি সপ্তাহে বাহরাইনে রোজার সময়কাল প্রায় ১১ ঘণ্টা ২৪ মিনিট। এ বছর রমজান এমন এক সময়ে পড়েছে, যখন মধ্যপ্রাচ্যের আবহাওয়া তুলনামূলকভাবে বেশ সহনীয় থাকে। সাধারণত প্রায় ১২ বছরের চন্দ্রচক্রে এই সময়টিকেই সবচেয়ে নাতিশীতোষ্ণ ধরা হয়। মূলত ফেব্রুয়ারি ও মার্চের মৃদু আবহাওয়ার কারণে এবারের রোজা পালন প্রবাসীদের জন্য তুলনামূলকভাবে অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।










