দীর্ঘ দুই বছর তিন মাস পর ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশে থাকা সব বাধা দূর হতে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই ভিসা স্থগিতাদেশের অবসান ঘটিয়ে আগামী দুই মাসের মধ্যে পুনরায় ওয়ার্ক ভিসা চালু করার জোরালো আশ্বাস দিয়েছে ওমান সরকার। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলকে এই সুখবর জানান।
ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত অভ্যন্তরীণ শ্রমবাজার সংস্কার এবং অনিয়মিত কর্মীদের বৈধকরণের প্রক্রিয়াকে সুসংহত করতে ২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ প্রায় ২৭ মাস পর সেই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় এখন পুনরায় নতুন কর্মী নিয়োগের পথ প্রশস্ত হয়েছে। বৈঠকে ওমানি মন্ত্রী জানান, বিদ্যমান অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের বিষয়টি প্রাধান্য দেওয়ার কারণেই এই দীর্ঘ সময় ওয়ার্ক ভিসা স্থগিত ছিল, যা আগামী দুই মাসের মধ্যে অর্থাৎ মার্চ ২০২৬-এর মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে।
এর আগে, ওমান সরকার ২০২৩ সালের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়।
আরও
এর প্রায় সাত মাস পর, অর্থাৎ ২০২৪-এর জুনে চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং শিক্ষকের মতো ১২টি বিশেষ ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সাধারণ কর্মী বা ওয়ার্ক ভিসা গত ২ বছরেরও বেশি সময় ধরে বন্ধই ছিল।









