মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির পাহাং প্রদেশের রমপিন এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জালান ফেলদা সেলানচার–ফেলদা রেডং সড়কের কামপুং পেরউইরা জয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, নিহতরা হলেন মোহাম্মদ কাদের (৩৪) ও মোহাম্মদ দালিম (৩০)। তারা দুজনই তেলপাম বাগানে কর্মরত শ্রমিক ছিলেন। একই দুর্ঘটনায় ৪১ বছর বয়সী আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন। তবে লরিচালক, যিনি নিজেও বাংলাদেশি এবং বয়স ৪৫ বছর, তিনি অক্ষত রয়েছেন।
রমপিন জেলার পুলিশ সুপার শরিফ শাই শরিফ মন্ডই জানান, চারজন বাংলাদেশি শ্রমিক একটি লরিতে করে কীটনাশক বহন করে ফেলদা রেডং থেকে ফেলদা সেলানচারের দিকে যাচ্ছিলেন। লরির সামনের আসনে চালকসহ দুজন এবং পেছনে আরও দুজন শ্রমিক অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি গাড়িকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি সড়কের বাম পাশে উল্টে যায়।
আরও
দুর্ঘটনায় সামনের আসনে থাকা মোহাম্মদ কাদের এবং পেছনের যাত্রী মোহাম্মদ দালিম ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত শ্রমিককে দ্রুত সেগামাত হাসপাতালের রেড জোনে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় জড়িত চারজনেরই বৈধ ভ্রমণ নথি এবং তেলপাম বাগানে কাজ করার অনুমতি ছিল। তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও কাউকে লরি চালাতে দেওয়া হয়েছিল কি না—সে বিষয়ে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলা তদন্তাধীন রয়েছে, যেখানে বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে প্রাণহানির ঘটনায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।












