সমাজমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়ো কনটেন্ট নিয়ে উদ্বেগ বাড়তেই নতুন একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, নীল শাড়ি পরা এক বৃদ্ধা সিংহীর পাশে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তুলছেন। কিছুক্ষণের মধ্যেই আরেকটি সিংহ সামনে এসে হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং টেনে নিয়ে যায়—এমন দৃশ্য দেখে অসংখ্য মানুষ আতঙ্কিত হন।
‘তাই_ভ্লগার’ নামের একটি এক্স হ্যান্ডলে পোস্ট হওয়ার পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই লাইক, শেয়ার ও মন্তব্যে ভরে যায় পোস্টটি। কেউ বিস্ময় প্রকাশ করেন, কেউ হতবাক হয়ে সতর্কবার্তা দেন এবং অনেকেই ঘটনাটিকে বাস্তব ভেবে আতঙ্কিত হয়ে পড়েন।
তবে পরে বিশেষজ্ঞদের যাচাই-বাছাইয়ে স্পষ্ট হয়, ভিডিওটি সম্পূর্ণই এআই-নির্মিত। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি সামনে আসতেই এআই ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি ও প্রচারের প্রবণতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ—এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে এবং অপ্রয়োজনীয় ভয় ও গুজব ছড়াচ্ছে।
আরও
অনেকেই মন্তব্যে সতর্ক করে লিখেছেন, “এ ধরনের ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না”, “এআই দিয়ে বানানো এসব ফেক ভিডিও এখন বিরক্তিকর হয়ে উঠছে।” প্রযুক্তিবিদরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির সঙ্গে সঙ্গে ভুয়ো কনটেন্ট শনাক্ত করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের পরামর্শ—ভাইরাল কোনো ভিডিও বা ছবি দেখলে তার উৎস, সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করা আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক মুহূর্তে ছড়িয়ে পড়া ভুয়ো ভিডিও বড় ধরনের বিভ্রান্তি বা আতঙ্ক সৃষ্টি করতে পারে।













