ফিলিস্তিনের গাজা উপত্যকার সীমানা ঘেঁষে একটি বৃহৎ সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি অনুসন্ধানী সংবাদমাধ্যম শরিম–এর তথ্য অনুযায়ী, প্রস্তাবিত এই ঘাঁটি নির্মাণে ব্যয় হতে পারে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যেখানে অবস্থান করবে হাজারেরও বেশি সেনা ও ভারী অস্ত্রশস্ত্র।
ইরানি গণমাধ্যম প্রেস টিভি শরিমের বরাতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই পদক্ষেপ ইসরাইলকে সহায়তার পাশাপাশি অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন ধরনের সামরিক আগ্রাসনের ইঙ্গিত বহন করছে।
শরিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘাঁটি তৈরি হলে যুক্তরাষ্ট্র ইসরাইলের সরাসরি অনুমোদন ছাড়াই সেখানে সামরিক অভিযান পরিচালনা করতে পারবে। ফলে ওয়াশিংটন অঞ্চলটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে আরও গভীরভাবে প্রভাব বিস্তারের সুযোগ পাবে।
আরও
এদিকে, মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা গত সপ্তাহেই ইসরাইলের সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ঘাঁটির সম্ভাব্য অবস্থান নিয়ে বৈঠক করেছেন বলে জানা গেছে। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবুও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে এ সিদ্ধান্তকে নতুন উত্তেজনার পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে।












