প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। বৈদেশিক আয় প্রেরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ “রেমিট্যান্স পুরস্কার ২০২৫” প্রদান করবে দূতাবাস।
কুয়েত দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে এ পুরস্কার প্রদান করা হবে। ব্যক্তি পর্যায়ে বৈধভাবে রেমিট্যান্স পাঠানো দুইজন পুরুষ ও দুইজন নারী প্রবাসী এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারী দুইটি প্রতিষ্ঠানকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হবে।
আগ্রহী প্রবাসীদের আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের ২ নম্বর কক্ষে সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে জমা দেওয়া যাবে।
আরও
আবেদন ফরম ও বিস্তারিত নীতিমালা দূতাবাসের ওয়েবসাইট https://kuwait.mofa.gov.bd , ফেসবুক পেজ (facebook.com/BDEmbKuwait) বা সরাসরি শ্রম কল্যাণ উইং থেকে সংগ্রহ করা যাবে।
দূতাবাসের এই উদ্যোগকে কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে এ ধরনের স্বীকৃতি প্রবাসীদের আরও উৎসাহিত করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।









