উত্তরাঞ্চলের প্রধান বিমান যোগাযোগ কেন্দ্র নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর যাত্রী সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গণশুনানি আয়োজন করেছে। অনুষ্ঠানে যাত্রী, সুধীজন এবং সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, খুব শিগগিরি সৈয়দপুর থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর ডিপারচার লাউঞ্জে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান। তিনি বলেন, যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হচ্ছে এবং ফ্লাইট ভাড়া নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন প্রক্রিয়াধীন। এয়ারফিল্ডের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এবং যাত্রী সুবিধা নিশ্চিত করতে আরও প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে সৈয়দপুর-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু হবে, এরপর সৈয়দপুর-সিলেট রুটে বিমান চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও শিল্পখাত আরও চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে।
আরও
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের হাব হিসেবে গড়ে তুলতে রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং যাত্রী সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীন, বেবিচকের পরিচালক ইফতেখার জাহান হোসেন এবং মানবসম্পদ ও সাধারণ প্রশিক্ষণ বিভাগের উপপরিচালক আবিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।












