বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, নতুন লোগোটি দাঁড়িপাল্লা প্রতীক অপরিবর্তিত রেখে আংশিকভাবে জাতীয় পতাকার নকশার আদলে তৈরি করা হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশের সম্ভাবনা রয়েছে।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এ সময় আমির ডা. শফিকুর রহমানের কক্ষে জাতীয় পতাকার আদলে তৈরি জামায়াতের একটি নতুন লোগো দেখা যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়।
আরও
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এক অনলাইন গণমাধ্যমকে জানান, দলীয় লোগো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। আমিরের নির্দেশে বেশ কয়েকটি ডিজাইন করা হয়েছে, তবে কোনটি অফিসিয়ালি গ্রহণ করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি দাবি করেন, ওই দিন প্রদর্শিত লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছে।
তিনি আরও জানান, লোগো পরিবর্তন প্রসঙ্গে নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হলে সেটি আনুষ্ঠানিকভাবে দলের অফিসিয়াল প্রতীক হিসেবে ব্যবহার করা হবে। কেন লোগো পরিবর্তন করা হচ্ছে—এমন প্রশ্নে তিনি বলেন, পূর্বের লোগো কখনও অফিসিয়ালি গ্রহণ করা হয়নি; বরং বিভিন্ন গণমাধ্যমে তা ব্যবহৃত হয়েছে।
নতুন লোগো প্রকাশ পেলে তা দলের রাজনৈতিক পরিচয় ও কার্যক্রমে কী ধরনের প্রভাব ফেলবে—সে বিষয়টি এখন সবার নজরে রয়েছে।










