চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মামুন (ওমান প্রবাসী), তিনি উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে। শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া ঈদগাহ মাঠে মামুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন একই এলাকার ফাহিম, যিনি মৃত আইয়ুব আলী ভুলুর ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আরও
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিম সম্প্রতি একটি অপহরণ মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত। গত বুধবার পটিয়ার মুন্সেফ বাজার এলাকার ব্যবসায়ী নুরুল আবছারকে অপহরণের অভিযোগে মামলাটি হয়। বৃহস্পতিবার বিকেলে মামলার প্রসঙ্গ নিয়ে মামুন ও ফাহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। মামুন তাকে অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে এক পর্যায়ে ফাহিম ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করেন।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ঘটনার পর থেকে ফাহিম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।











