ইসরায়েল কাতারের রাজধানী দোহার পর এবার ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ১১৮ জন আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারের কাজ এখনও চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় সানার আল-তাহরির এলাকার আবাসিক ভবন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের একটি সরকারি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মানুষ বের করে আনার চেষ্টা চালাচ্ছেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
আরও
হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির তথ্যে বলা হয়েছে, হামলায় সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-হাজমের স্থানীয় সরকার কমপাউন্ড লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া মোরাল গাইডেন্স সদর দপ্তরসহ একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের এ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।











