মার্কিন বিমান পরিষেবা সংস্থা স্কাইওয়েস্টের একটি যাত্রীবাহী উড়োজাহাজে ভয়াবহ ঝাঁকুনির ঘটনা ঘটেছে। আকাশে উড্ডয়নরত অবস্থায় মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যে বিমানটি প্রায় ৪ হাজার ফুট নিচে নেমে যায়। এতে আহত হয়েছেন দুই যাত্রী, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কলোরাডোর অ্যাসপেন শহর থেকে টেক্সাসের হিউস্টনের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। ৩৯ হাজার ফুট উচ্চতায় ওঠার পর হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয় এবং মুহূর্তের মধ্যে বিমানটি নেমে আসে ৩৪ হাজার ৬৫০ ফুট উচ্চতায়। তবে ২৮ সেকেন্ডের মধ্যে আবারও এটি ৩৭ হাজার ৪৫০ ফুট উচ্চতায় ফিরে আসে। এ অস্বাভাবিক ওঠা-নামার কারণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
বিমানটি হিউস্টনের পরিবর্তে স্থানীয় সময় রাত ৮টার দিকে অস্টিন বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের পর আহত যাত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বাকি যাত্রীরাও মারাত্মক ভোগান্তির শিকার হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আরও
স্কাইওয়েস্ট এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের ফ্লাইট অস্টিনে নিরাপদে অবতরণ করেছে। যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” প্রতিষ্ঠানটির দাবি, ঘটনাটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেনি। পরবর্তী পরীক্ষাতেও বিমানের কোনো সমস্যা পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বায়ুচাপের আকস্মিক তারতম্যের কারণেই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। ফলে যাত্রীদের জন্য এই ফ্লাইটটি ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা।












