সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী পরিচালিত বিশেষ নিরাপত্তা অভিযানে ২২,১৪৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া বাহিনী আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩,৮৩৫ জন আবাসন, ৪,৭৭২ জন সীমান্ত নিরাপত্তা এবং ৩,৫৪০ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া, সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ১,৮১৬ জন আটক হন—যাদের ৬২% ইথিওপিয়ান, ৩৬% ইয়েমেনি এবং ২% অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করা ৩৪ জনও আটক হয়েছেন।
আইন লঙ্ঘনকারীদের সহায়তা করার অভিযোগে আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২১,১৪৩ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ১৮,৩২৬ জন পুরুষ এবং ২,৮১৭ জন নারী। এরই মধ্যে ১০,৮২০ জনকে বহিষ্কার করা হয়েছে।
আরও
মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত আইন লঙ্ঘনের শাস্তি হতে পারে ১৫ বছরের কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্তকরণ। সাধারণ জনগণকে আইন লঙ্ঘনের তথ্য ৯১১, ৯৯৯ বা ৯৯৬ নম্বরে জানানোর আহ্বান জানানো হয়েছে।











