সর্বশেষ

গণহারে অ্যাকাউন্ট বন্ধ, এক্সের উদ্বেগ

Mass account closures, x's concernsCity ads Investment (1)

ভারত সরকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ২ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এই তালিকা থেকে বাদ যায়নি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর অ্যাকাউন্টও। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এক্স কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে মঙ্গলবার (৮ জুলাই) একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় গত ৩ জুলাই এক্সকে নির্দেশ দেয় মোট ২ হাজার ৩৫৫টি অ্যাকাউন্ট এক ঘণ্টার মধ্যে ব্লক করতে। নির্দেশ অমান্য করলে এক্সকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হতো। এই নির্দেশে বার্তা সংস্থা রয়টার্স নিউজ ও রয়টার্স ওয়ার্ল্ড–এর দুটি এক্স অ্যাকাউন্টও সাময়িকভাবে স্থগিত করা হয়, যা পরে রোববার পুনরায় চালু করা হয়।

এ নিয়ে এক্স একটি বিবৃতিতে জানায়, সরকারের নির্দেশে তারা বাধ্য হয়েই অ্যাকাউন্টগুলো ব্লক করেছে। কর্তৃপক্ষ এসব অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে কোনো যুক্তি বা ব্যাখ্যা দেয়নি, এমনকি ব্লকের সময়সীমাও জানানো হয়নি। পরে জনরোষের মুখে রয়টার্সের দুটি অ্যাকাউন্ট আবার চালু করার অনুরোধ জানায় ভারত সরকার।

তবে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন, ৩ জুলাই নতুন করে কোনো ব্লকিং নির্দেশ দেওয়া হয়নি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম বন্ধ করার কোনো পরিকল্পনাও সরকারের ছিল না। এক্স কর্তৃপক্ষই নাকি অ্যাকাউন্ট খুলতে দেরি করেছে।

এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে। সরকার প্রায়ই রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতার সময় ইন্টারনেট বন্ধ রাখে, যেমনটি দেখা গেছে মণিপুরে।

এক্স জানিয়েছে, তারা ভারতের আইনি কাঠামোর মধ্যে থেকে সব বিকল্প ব্যবস্থা বিবেচনা করছে। তবে বিদেশি সংস্থা হওয়ায় সরাসরি মামলা করার সুযোগ নেই তাদের। প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup