Long Popup (2)
সর্বশেষ

আমিরাতে মিনিবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৭ আহত ৯

LDtOZAavgqwP DkARxvDZ z0i43xProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এমিরেটস রোডে চলন্ত অবস্থায় হঠাৎ বিকল হয়ে যাওয়া একটি ট্রাকের পেছনে দ্রুতগামী মিনিবাসের ভয়াবহ ধাক্কায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন যাত্রী। সোমবার (৮ জুন) বিকেলে দুবাইয়ের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস প্রাণহানির এই খবর নিশ্চিত করেছে।

দুবাই পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে মালবাহী ট্রাকটি হঠাৎ মহাসড়কের মাঝখানে থেমে যায়। মহাসড়কে স্বাভাবিক দ্রুতগতিতে থাকা পেছন দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাসটির চালক মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হন এবং থেমে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন। দুর্ঘটনার খবর পেয়ে দুবাই পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের নির্দেশে ট্রাফিক টহল ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আটকে পড়া হতাহতদের উদ্ধার তৎপরতা শুরু করেন।

দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান জানান, আহত নয়জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এবং বাকি চারজন মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন। উদ্ধারকৃতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই এমিরেটস রোডের ওই অংশে বেশ কিছুক্ষণ যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে ট্রাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক নিরাপদ করে, উদ্ধারকারী দলগুলোকে সহায়তা করে এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।

ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় উদ্ঘাটনে ট্রাফিক পুলিশের দুর্ঘটনা তদন্ত বিভাগের বিশেষজ্ঞ দল এরই মধ্যে একটি বিস্তারিত তদন্ত শুরু করেছে। মহাসড়কে চালকদের বিশেষভাবে সতর্ক করে ব্রিগেডিয়ার বিন সুওয়াইদান বলেন, যান্ত্রিক ত্রুটি, জ্বালানি ফুরিয়ে যাওয়া বা টায়ার ফেটে যাওয়ার মতো কারণে ব্যস্ত মহাসড়কের মাঝখানে গাড়ি থেমে যাওয়া পেছনের গাড়িগুলোর জন্য চরম বিপর্যয়ের কারণ হতে পারে। তাই যেকোনো যাত্রা শুরুর আগে যানবাহনের ফিটনেস বা চলাচলের সার্বিক উপযোগিতা নিশ্চিত করতে চালক ও মালিকদের প্রতি কঠোর আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate